
বিশেষ প্রতিনিধি. প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের সংকট আর জীববৈচিত্র্য সংরক্ষণের অজানা গল্প তুলে ধরে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন নেত্রকোণার সাংবাদিক জাহিদ হাসান। চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদন গুলোর মধ্যে তাকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জেলা ও তৃণমূল পর্যায়ে প্রকৃতি সাংবাদিকতায় এ ধরনের সম্মাননা প্রদান এই প্রথম বলে জানিয়েছেন সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক।
গত ১৭ অক্টোবর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনের ছাদবারান্দায় অনুষ্ঠিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ সম্মেলনে দেশের প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এবং চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও চ্যানেল আইয়ে জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর নিউজ তারিকুল ইসলাম মাসুম, প্রকৃতি ও জীবন ক্লাব নেত্রকোনার সাধারণ সম্পাদক অধ্যক গোলাম মোস্তফাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু জাহিদ হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপত্রে বলা হয়, চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে প্রচারিত প্রতিবেদন গুলোর মধ্যে অসাধারণ প্রতিবেদন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণার জেলা প্রতিনিধি জাহিদ হাসানকে ‘ সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। বস্তুনিষ্ঠ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়।
তৃণমূলের সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত.
রাজধানী কেন্দ্রিক গণমাধ্যমের বাইরে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা প্রতিনিয়ত প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। নদী-হাওরের সংকট, পাহাড় ও বনভূমির বিপন্নতা, কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তন কিংবা মানুষের জীবন-জীবিকার সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক—এসব বিষয় তাঁদের প্রতিবেদনে উঠে আসে। কিন্তু মাঠ পর্যায়ের এই সাংবাদিকদের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
এমন বাস্তবতায় সাংবাদিক জাহিদ হাসানের এই অর্জন তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সম্মাননা প্রদান এবারই প্রথম। ফলে এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
প্রকৃতির গল্প থেকে জাতীয় স্বীকৃতি
নেত্রকোণার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যের নানা দিক নিয়ে প্রতিবেদন তৈরির মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন জাহিদ হাসান। স্থানীয় জনপদের সমস্যা, সম্ভাবনা ও প্রকৃতির পরিবর্তন জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর সাংবাদিকতার অন্যতম ক্ষেত্র।
প্রকৃতির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা সামনে আনতে পারে।
চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে সেরা প্রতিবেদক হিসেবে জাহিদ হাসানের এই স্বীকৃতি প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।
প্রকৃতির পক্ষে কলম ধরা, পরিবেশের সংকট তুলে ধরা এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরির এই প্রচেষ্টা অব্যাহত থাকুক—এই প্রত্যাশায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকল জাহিদ হাসানের অর্জিত সম্মাননা। অনুষ্ঠানে কর্তৃপক্ষ তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
শেয়ার করুন :