Agaminews

নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৮ জন আহত


Admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন / ২৫
নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৮ জন আহত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার ময় ঝাউশী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহতদের নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত মো. এরশাদ মিয়া (৫০)  জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভগ্নিপতি মো. মানিক মিয়ার মাধ্যমে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ময় ঝাউশী জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, জমিটি তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে দখলে রয়েছেন। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের বিরোধ চলে আসছিল।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন আব্দুল সাত্তার, আব্দুল জলিল, ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন, কছম উদ্দিন, সোহরাব মিয়া, নয়ন মিয়া, রাকিব মিয়া, মোফাজ্জল ও আবুল হোসেনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা কোদাল দিয়ে জমির আইল কাটতে শুরু করেন। এতে বাধা দিতে গেলে এরশাদ মিয়ার ওপর হামলা করা হয়।

এরশাদের অভিযোগ, আব্দুল সাত্তারের নির্দেশে আব্দুল জলিল দা দিয়ে তার মাথার ডান পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে একই ব্যক্তি তার ডান হাঁটুতে আবার কোপ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে এরশাদের চাচা জহুর আলী ও লাল মিয়া, চাচাতো ভাই রুবেল মিয়া, দুই বোন নারগিছ আক্তার ও বিলকিছ আক্তার, মা বেগম আক্তার এবং ভাতিজি সুমী আক্তার আহত হন।

জানতে চাইলে অভিযুক্ত আব্দুল সাত্তার ও রতন মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

জেলার খবর বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর