
বিশেষ প্রতিনিধি. বিগত সরকারের আমলে বিরোধী মত দমনে গুম ও নির্যাতনের অভিযোগের চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে উত্তরায় অবস্থিত ‘আয়নাঘর’ ও টর্চার সেলগুলো বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সরেজমিনে দেখানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী।
তিনি বলেন, আয়নাঘরের আলামত নষ্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
রোববার বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রামপুর দশাল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী বলেন, ‘বিগত সরকার বিরোধী দলের ওপর কী ধরনের দমন-পীড়ন চালিয়েছে, তা সরাসরি না দেখলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তাই বিদেশি কূটনীতিকদের এসব স্থাপনা সরেজমিনে দেখানো প্রয়োজন, যাতে তারা বাস্তব চিত্র অনুধাবন করতে পারেন।’
তিনি আরও বলেন, আয়নাঘরের প্রকৃত চিত্র আড়াল করতে বা আলামত নষ্ট করতে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ভারত সীমান্ত দিয়ে মাদক পাচার বৃদ্ধির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন খেলাফত আন্দোলনের এই নেতা। তিনি অভিযোগ করেন, দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সীমান্ত দিয়ে ফেনসিডিল ও ইয়াবা পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর ফলে দেশের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় মাদক বিক্রেতাদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হবে। পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
সাহতা ইউনিয়ন খেলাফত আন্দোলনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, বারহাট্টা উপজেলা কমিটির সদস্যসচিব মাওলানা আব্দুস সালাম, বারহাট্টা থানার সেকেন্ড অফিসার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা।
সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :