
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার সদর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারে এমএস মরিয়ম ট্রেডার্স নামের একটি দোকানে এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরেজমিনে বিষয়টি যাচাই করা হয়। এ সময় দেখা যায়, গ্যাসের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারিত থাকলেও দোকানটির মালিক পণ্যটি ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছেন। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ২৪০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
পরে বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে জানানো হলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দোলা বসাক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়। পরে অভিযুক্ত ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
শেয়ার করুন :