Agaminews

শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে পুরস্কার অনুপ্রেরণার বড় শক্তি: অধ্যক্ষ আবু তাহের খান


Admin প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন / ৫৪
শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে পুরস্কার অনুপ্রেরণার বড় শক্তি: অধ্যক্ষ আবু তাহের খান

বিশেষ প্রতিনিধি. শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোণা সরকারি কলেজের ১৪টি বিভাগে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে যোগ্য, দক্ষ ও মানবিক মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

রোববার দুপুরে নেত্রকোণা সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে অনার্স তৃতীয় বর্ষ (২০২২-২৩) ও চতুর্থ বর্ষ (২০২১-২২)-এর সেরা দশ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত সাফল্য হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও স্বীকৃতির প্রয়োজন রয়েছে। একটি পুরস্কার একজন শিক্ষার্থীর মনে নতুন স্বপ্ন, আত্মবিশ্বাস ও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে পারে।

তিনি আরও বলেন, এবার উচ্চমাধ্যমিকের যে ফলাফল হয়েছে, সেটিই প্রকৃত ফলাফল। এতে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হয়নি। সারাদেশে পাসের হার কমলেও আশাব্যঞ্জক বিষয় হলো, এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার চিত্র উঠে এসেছে। এই বাস্তব ফলাফলের মধ্য দিয়েই ভবিষ্যতে যোগ্য মানবসম্পদ গড়ে উঠবে।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, তোমাদের স্বপ্ন, প্রত্যাশা ও ন্যায্য দাবিদাওয়ার প্রতি আমি আন্তরিক। কলেজের সকল সীমাবদ্ধতা অতিক্রম করে তোমাদের দাবিদাওয়া পূরণে আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো। তোমাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা গ্রহণ করেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর “আব্দুর নূর তুষার।

সম্মাননা, গ্রহণের পর আবেগাপ্লুত বক্তব্যে আব্দুর নূর “তুষার’ শুরুতেই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীসহ কলেজের সকল শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি।

তিনি বলেন, আজকের এই সম্মাননা আমার জীবনের এক বিশেষ আবেগঘন মুহূর্ত। যে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় আমার শিক্ষাজীবনের স্বপ্নের সূচনা, আজ সেই প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সম্মানিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার শিক্ষকদের ভালোবাসা, তাঁদের শিক্ষা, দিকনির্দেশনা এবং দীর্ঘদিনের অনুপ্রেরণার স্বীকৃতি।

কলেজজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, রসায়ন বিভাগের সেই দিনগুলোর কথা আজও খুব মনে পড়ে। বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবের স্মৃতিগুলো আমার হৃদয়ে অমলিন হয়ে আছে। ল্যাবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ শেখা, শিক্ষকদের কাছ থেকে হাতে-কলমে জ্ঞান অর্জন এবং সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে। তখন হয়তো বুঝতে পারিনি, এই ছোট ছোট শিক্ষণীয় মুহূর্তগুলোই একদিন জীবনের পথচলায় এত বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কলেজের শ্রেণিকক্ষ, করিডোর, প্রিয় শিক্ষকদের স্নেহমাখা শাসন এবং বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলো জীবনের অমূল্য সম্পদ। আজ কর্মজীবনে এসে উপলব্ধি করছি, শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তাঁরা একজন মানুষকে কীভাবে সৎ, দায়িত্বশীল ও নীতিবান হতে হয়, সেই শিক্ষাও দেন। তাঁদের দেওয়া শিক্ষা ও আদর্শই জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়।

“আব্দুর নূর তুষার বলেন, আজকের এই সম্মাননা আমার সামনে এগিয়ে যাওয়ার পথে আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি আমাকে সুন্দরভাবে জীবন গড়তে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নতুন করে সাহস ও দায়িত্ববোধ জোগাবে। আমি বর্তমানে যে পেশায় নিয়োজিত আছি, সেখানে যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এই সম্মান ও ভালোবাসার মর্যাদা সারাজীবন ধরে রাখতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর