বিশ্বচ্যাম্পিয়ন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিমকে নেত্রকোণায় সংবর্ধনা
Admin
প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন /
৪৩
বিশেষ প্রতিনিধি. আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা MATE ROV International Underwater Robot Competition 2026-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) MIST MAVIROV দলের সদস্যদের সম্মানে নেত্রকোণায় বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সংলাপে বিশ্বজয়ী MIST MAVIROV দলের সদস্যরা নেত্রকোণার বিজ্ঞান ও রোবটিক্সে আগ্রহী তরুণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা বিনিময় করেন। তারা পানির নিচে চলাচলকারী রোবট তৈরির বিভিন্ন ধাপ, নকশা ও নির্মাণ কৌশল, উদ্ভাবনী চিন্তা এবং বিভিন্ন সমস্যার সমাধানের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় ভবিষ্যতের প্রযুক্তি ও রোবটিক্সের সম্ভাবনা নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সদস্যরা। তাদের সাফল্যের গল্প শুনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন কিছু করার আগ্রহ তৈরি হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বচ্যাম্পিয়ন MIST MAVIROV দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তরুণদের এমন সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করে তুলবে।’
তিনি আরও বলেন, নেত্রকোণার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সংলাপ তাদের চিন্তার পরিধি বাড়াবে এবং নতুন কিছু করার সাহস জোগাবে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিক্স ও গবেষণার প্রতি তাদের আগ্রহী হতে হবে। সঠিক দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নেত্রকোণার শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী তরুণরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :