Agaminews

কলমাকান্দায় জিপিএ-৫ ও ফলাফলে এগিয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়


Admin প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন / ৩৪
কলমাকান্দায় জিপিএ-৫ ও ফলাফলে এগিয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বিভাস সাহা. কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সেরা ফলাফল করেছে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১১০ জন কৃতকার্য হয়েছে। পাসের পাশাপাশি ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সোমবার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগের ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে ১১০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ২৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। ফলে পাসের সংখ্যা ও জিপিএ-৫ দুই দিক থেকেই উপজেলার অন্য বিদ্যালয়গুলোর তুলনায় ভালো ফল করেছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি।

ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ দেখা যায়। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি কৃতকার্য অন্য শিক্ষার্থীরাও একে অপরকে অভিনন্দন জানায়। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সায়নী সাহা নিধি বলেন, ভালো ফলাফল করতে পেরে তিনি খুবই আনন্দিত। পরীক্ষার আগে নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি শিক্ষকদের পরামর্শ অনুসরণ করেছেন। এ সাফল্য তাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করবে।

কলমাকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম বলেন, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের ফলাফল অর্জন সম্ভব হয়। উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর