
বিশেষ প্রতিনিধি:
সিলেট থেকে জাফলং এবং নেত্রকোনার ঝারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নসহ তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে প্রকল্প যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—‘সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’, ‘নেত্রকোনা জেলার ঝারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন’ এবং ‘ফৌজদারহাট থেকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ এবং সিজিপিওয়াই থেকে বে-টার্মিনাল পর্যন্ত নতুন রেল লিংক স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ’।

সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলে রেল যোগাযোগ সম্প্রসারণ, যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে নেত্রকোনার ঝারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগটি বাস্তবায়িত হলে দুর্গাপুর অঞ্চলের মানুষের রেল যোগাযোগের সুযোগ বাড়বে।
শেয়ার করুন :