বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Admin
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:২০ অপরাহ্ন /
১৭
সম্প্রতি নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর কামাল তালুকদারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমার চিকিৎসা ছুটি ও বিদেশে অবস্থান নিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা আমার বক্তব্যের পূর্ণাঙ্গ প্রতিফলন নয়। এতে আমার দীর্ঘদিনের অসুস্থতা, চিকিৎসা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিষয়টি যথাযথভাবে উপস্থাপিত হয়নি।
আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। শারীরিক অসুস্থতার কারণে আমি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চিকিৎসা ছুটিতে রয়েছি। উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার অনুমতিও রয়েছে।
দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনে অর্জিত ছুটির একটি উল্লেখযোগ্য অংশও আমার পাওনা রয়েছে।
অথচ একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করছে বলে আমি মনে করি। এতে আমার দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
আমি মনে করি, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, প্রয়োজনীয় নথিপত্র এবং প্রকৃত তথ্য যাচাই করা উচিত।
সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল আলম পাঠানও জানিয়েছেন যে, আমি চিকিৎসাধীন ছুটিতে রয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আমার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।
আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগকে কেন্দ্র করে আমাকে সামাজিকভাবে হেয় বা হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদের বিষয়ে আমার এই বক্তব্যটি জনস্বার্থে এবং প্রকৃত তথ্য তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবাদ ও ব্যাখ্যা হিসেবে প্রকাশের জন্য অনুরোধ করছি। মো. নূর কামাল তালুকদার, প্রধান শিক্ষক, সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,খালিয়াজুরী, নেত্রকোনা
শেয়ার করুন :