Agaminews

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধ,শিক্ষিকাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ


Admin প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন / ৭
নেত্রকোণায় জমি নিয়ে বিরোধ,শিক্ষিকাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মারধর, প্রাণনাশের হুমকি ও বসতঘরে ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাকন মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তানিয়া জাহান (৪৭) নামের ওই শিক্ষিকা।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, তানিয়া জাহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়নের কয়ড়া এলাকায়। বর্তমানে তিনি নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় বসবাস করেন। প্রায় ১০ বছর আগে কয়ড়া এলাকায় কাকন মিয়ার কাছ থেকে সাড়ে ৩৮ শতাংশ জমি কেনেন তিনি। জমিটি কেনার পর থেকে ভোগদখলে থাকলেও বিক্রেতা কাকন মিয়া দীর্ঘদিন ধরে জমির দলিল বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

এ নিয়ে বিরোধের জেরে কাকন মিয়া ও তার পক্ষের লোকজন একাধিকবার জমির দখল ছাড়তে চাপ দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলাও করেছেন তানিয়া জাহান। মামলার পর তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তার।

লিখিত অভিযোগে তানিয়া জাহান উল্লেখ করেন, গত ৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন কয়ড়া মৌজায় তাঁর ক্রয়কৃত জমিতে অভিযুক্ত ব্যক্তিরা দা ও লাঠিসোঁটাসহ প্রবেশ করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাঁকে মারধরের জন্য অভিযুক্ত ব্যক্তিরা উদ্যত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এ ছাড়া গত ১৯ অক্টোবর রাত আনুমানিক আড়াইটার দিকে নাগড়া এলাকায় তাঁর বর্তমান বাসার সামনে এসে অভিযুক্ত ব্যক্তিরা ঢিল নিক্ষেপ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর বাসার জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগে আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার খবর বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর