Agaminews

নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা


Admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন / ৫
নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

বিশেষ প্রতিনিধি। নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নাজু আক্তার (৩৫) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঢুকিয়ালি নদের পাড় থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজুর ভাই মো: শুভ বাদী হয়ে সাবেক স্বামী নুরুল আমিনকে আসামী করে শনিবার সকালে হত্যা মামলা দায়ের করেন।

গত শনিবার নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলে নাজুর সাবেক স্বামী নুরুল আমিনকে (৪০) আটক করে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাজুকে হত্যার পর নদের পাড়ে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন নুরুল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছয়দিন পর নাজুর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে নাজু আক্তার ও নুরুল আমিনের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। আড়াই বছর আগে দ্বিতীয় সন্তান জন্মের পর তাদের মধ্যে দুই দফায় বিবাহবিচ্ছেদ হয়। দেনমোহর বাবদ নুরুল দুই দফায় দুই লাখ টাকা পরিশোধ করে। পরে নাজু তার বিরুদ্ধে খোরপোশ ও ধর্ষণের মামলা করে। মামলা মীমাংসার জন্য নাজু পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় খেতের জন্য কীটনাশক কিনতে জেলা শহরে গেলে নাজুর সঙ্গে নুরুলের দেখা হয়। টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও মুঠোফোন নিয়ে টানাহেঁচড়া হয়। স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। পরে টাকা দেওয়ার কথা বলে রাত সাড়ে ১০টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে নাজুকে নিয়ে বাড়ির দিকে রওনা হন নুরুল।

পুলিশ জানায়, বাড়ির কাছাকাছি খাটপুড়া সেতুর কাছে ফের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল নাজুর বুকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে মোটরসাইকেল চালক তাদের সেখানে রেখে চলে যান।

নাজু বাড়িতে না ফেরায় ২২ সেপ্টেম্বর তার ছোট ভাই মো. শুভ নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। পরে নুরুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে নাজুকে হত্যা ও লাশ গুমের বিষয়টি স্বীকার করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, নাজু মাটিতে পড়ে যাওয়ার পর তিনি ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। পরে নদের পাড়ে গর্ত করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে নাজু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক সাবেক স্বামী নূরুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

নেত্রকোণা বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর