Agaminews

দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে শিক্ষার্থীদের লালকার্ড


Admin প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন / ২৫
দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়েকে শিক্ষার্থীদের লালকার্ড

দুর্গাপুর প্রতিনিধি. ‘‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখিয়েছে লাল কার্ড। সোমবার (১০ আগষ্ট) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ও এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই লালকার্ড প্রদর্শন কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈকত সরকার।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার তারেক হোসাইন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ। এসময়, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দুর্গাপুর সীমান্তবর্তী হওয়ায় অনেকে সহজেই দুষ্টচক্রের সান্নিধ্যে পড়ে অনেকেই মাদকাসক্ত হয়ে যায়। একবার এতে জড়ালে আর বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন মাদক সেবনের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়তে হয়। তাই পরিবার-সমাজ সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে, অভিভাবকরা যেন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে না দেন এ বিষয়ে সবার সতর্ক থাকার আহবান জানান।

 

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক ও বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। মাদক ও বাল্যবিয়ে রোধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

প্রধান অতিথি ইউএনও আহমেদ সাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যারা আজকে শিশু, আগামী দিনে তোমরাই দেশের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, “সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিতে হবে, নিয়মিত পড়ালেখার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ নেয়, তারা কখনো মাদক গ্রহণ করবে না, বাল্যবিবাহকে সমর্থন করবে না এবং সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। পরে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর